গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাসের শ্রীপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম জানান, শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা, শিরিরচালা ও বহেরারচালা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেরাইদের চালা এলাকার সুমন ব্যাপারীর বাড়িতে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারের বিষয়টি শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাসের উপব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।