ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (২০২৬) প্রথম স্থান অর্জন করেছে ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কৃতী শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা।
বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা সমুন্নত করেছে বাংলাদেশের হিরা।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হিরা পুরস্কার হিসেবে পেয়েছে ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের উমরা অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।
ইতিপূর্বেও এ প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সাদ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
২০১৪ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটি অল্প সময়ের মধ্যে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠে পরিণত হয়। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, তুরস্ক ও কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ডে অভাবনীয় ফলাফলে আলোচনায় ওঠে আসে। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হলেন মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। তিনি গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।