গাজীপুর প্রতিনিধি: ‘নিজের জন্য নয়—মানুষের জন্য, একতা আমাদের শক্তি—মানবতা আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের ভাওয়ালগড়ের মনিপুরে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মনিপুর একতা ফাউন্ডেশন’। স্থানীয় একদল তরুণ ও শিক্ষার্থীর উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে কাজ করেন সংগঠনটির সদস্যরা। এ সময় তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নিজেদের উদ্যোগ ও অর্থায়নে ইতোমধ্যে বেশ কয়েকটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও স্থানীয় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মনিপুর মডেল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও মনিপুর একতা ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তি কমল দেবনাথ বলেন, “স্থানীয় তরুণ সমাজ যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। আমরা তাদের স্বাগত জানাই। তরুণরা এগিয়ে এলে একটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
তিনি জানান, ফাউন্ডেশনের উদ্যোগের মধ্যে রয়েছে—রক্তদান ও রক্তদাতা সংগ্রহ, অসহায় মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, সড়ক মেরামত ও উন্নয়নমূলক কর্মসূচি, সামাজিক উন্নয়ন, মাদকবিরোধী ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, দুর্যোগকালীন সহায়তা ও পুনর্বাসন, মানবিক সহায়তা ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম। পাশাপাশি সমাজে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ গড়ে তোলা, জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সুস্থ সমাজ ও সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।
যানজট নিরসনে বুধবারের কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্য জয় ঘোষ, সাব্বির রাহুল, সাফওয়ান বিন, জিয়া আলভী, সোহান রহমান, শাকিল মিয়া, চন্দন দাস, হাসিবুল হাসান রিফাতসহ স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।