গাজীপুর প্রতিনিধি : জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর কার্যকর ব্যবহার বাড়াতে মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা। তিনি বলেছেন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই।
বিশ্ব মান দিবস উপলক্ষে বুধবার গাজীপুরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘Shared vision for a better world—Affordable and Clean Energy’ বা ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের গাজীপুর আঞ্চলিক কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান এবং গাজীপুরের সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জাসেম ফারহান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান এস এম তালাত মাহমুদ। বিশ্ব মান দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এস এম মাহফুজ আলম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সোহেল রানা বিএসটিআইয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে এর মান বজায় রাখা জরুরি। পাশাপাশি জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মান যাচাই ও সার্টিফিকেশন কার্যক্রম জোরদার করতে হবে।
বিশেষ অতিথি এম রকিবুল হাসান বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিটি পণ্যের মান নিশ্চিত করা অপরিহার্য। ভোক্তা পর্যায়ে পণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ শাহরিয়ার নজির শিক্ষা, চিকিৎসা, পণ্যসামগ্রী ও উৎপাদনসহ প্রতিটি ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি গাজীপুরে একটি পরীক্ষাগার (টেস্টিং ল্যাবরেটরি) স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তাঁর মতে, স্থানীয় পর্যায়ে পরীক্ষাগার স্থাপন করা গেলে পণ্যের মান যাচাই ও পরীক্ষার কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।
স্বাগত বক্তব্যে এস এম তালাত মাহমুদ বিএসটিআইয়ের কার্যক্রম ও গ্রহণযোগ্যতার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে বিএসটিআইয়ের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা পণ্যের মান নিয়ন্ত্রণ, জ্বালানির কার্যকর ব্যবহার এবং ভোক্তা পর্যায়ে মানসম্মত পণ্য নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।