গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সালনায় অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বুস্টারের মাধ্যমে গ্যাস নেওয়ার দায়ে দুই ব্যক্তিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) টেকনগপাড়া ও পালের পাড়া এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন গাজীপুর অফিসস সূত্রে জানা যায়, টেকনগপাড়া এলাকায় গোল্ড স্টার স্টীল ওয়ার লিমিটেডের শিল্প সংযোগ ব্যবহার করে মিম রসের মিষ্টির কারখানায় বাণিজ্যিক কাজে অননুমোদিত স্থাপনার মাধ্যমে বুস্টার ব্যবহার করে গ্যাস নেওয়া হচ্ছিল। এ সময় সংশ্লিষ্ট গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বুস্টারটি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সালনার পালের পাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে আরও একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাশরীফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে আবাসিক শ্রেণির আনুমানিক ৪০টি দ্বিমুখী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ঘণ্টায় ৮৪০ ঘনফুট গ্যাসের লোড বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।