বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন জ্বালানির মান নিশ্চিত করতে সার্টিফিকেশনের ওপর গুরুত্বারোপ ২১ ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ নগদ লভ্যাংশ বিধিমালা লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত বিএসইসির যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চায় হুথিরা: ডোনাল্ড ট্রাম্প সৌদি ও হুথির তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানার একটি চারতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন  নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কারখানার  কোন কর্মী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শ্বাসকষ্টের কারণে ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন।

বুধবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ।

তিনি বলেন, ‘সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রথমে টঙ্গী থেকে এসে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে মোট ২১টি ইউনিট কাজ করে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কিছু স্ফুলিঙ্গ ভেতরে থেকে যায়। সেগুলো পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় প্রয়োজন।’

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘এটি একটি বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রথম যে ভবনটিতে আগুন লাগে, সেটি চারতলা। ওই ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটি একটি সিঁড়ির মাধ্যমে পাশের আরেকটি ভবনের সঙ্গে সংযুক্ত থাকায় আগুন সেখানে ছড়িয়ে পড়ে।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির ভেতরে যারা ছিলেন, তাদের কর্তৃপক্ষের সহযোগিতায় বের করে আনতে আমরা সমর্থ হয়েছি। এখন পর্যন্ত কোনো কর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুরোপুরি কাজ শেষ হওয়ার পর কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত করে বলা যাবে।’

অগ্নিকাণ্ডের ভয়াবহতা ও কারখানায় দাহ্য পদার্থের উপস্থিতির বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ বলেন, ওষুধ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ, অ্যালুমিনিয়াম পেপার ও এর নিচে থাকা রাবার আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। এসব পদার্থ অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

তিনি আরও বলেন, ‘প্রথম যে ভবনটিতে আগুন লেগেছিল, সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ছিল। এ ছাড়া অ্যালুমিনিয়াম পেপার ব্যবহার করা হতো, যার নিচে একধরনের রাবার থাকে। রাবার ও অ্যালুমিনিয়ামসহ এসব দাহ্য পদার্থ দ্রুত আগুন ছড়িয়ে দিয়ে পরিস্থিতিকে ভয়াবহ করে তোলে।’

কারখানাটিতে পাউডার ইনজেকশনসহ বিভিন্ন ধরনের শুকনো ওষুধ তৈরি হতো উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ভবনের ভেতরে ছোট ছোট বিস্ফোরণের মতো আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ক্লোরিনের গন্ধে অগ্নিনির্বাপণকর্মীদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা শ্বাস-প্রশ্বাসের জন্য বিশেষ যন্ত্র (ব্রিদিং অ্যাপারেটাস) ও প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যান।

অগ্নিনির্বাপণ কার্যক্রমে বিভিন্ন বাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনী তাদের কেমিক্যাল টেন্ডার ইউনিট পাঠিয়েছে। বিজিবি মেডিকেল টিম ও লোকজন পাঠিয়েছে। ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ও সাহসী কর্মী এবং কর্মকর্তারা কারখানার কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। রাসায়নিক পদার্থের ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশেষ দক্ষতাসম্পন্ন কয়েকটি ইউনিটও এ কাজে যুক্ত ছিল।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল জুনায়েদ বলেন, ‘আগুনে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম যে ভবনে আগুন লেগেছিল, সেটির চতুর্থ ও দ্বিতীয় তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য তলাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ ও প্রয়োজনীয় কার্যক্রম শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।’

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেন। ওষুধ কারখানায় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকায় আগুন যাতে চারদিকে ছড়িয়ে না পড়ে এবং যতটা সম্ভব কম ক্ষয়ক্ষতির মাধ্যমে অগ্নিনির্বাপণ করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে নির্দেশনা দেওয়া হয়। ফায়ার সার্ভিস প্রথম থেকেই আগুনের বিস্তার ঠেকানোর ওপর গুরুত্ব দেয়। তাদের প্রচেষ্টায় আগুন আশপাশে ছড়িয়ে পড়তে দেওয়া হয়নি বলে জানান তিনি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পরও কারখানার ভেতরে থাকা আগুনের অবশিষ্ট স্ফুলিঙ্গ ও উত্তপ্ত অংশ পুরোপুরি নির্বাপণের কাজ চলছিল। রাসায়নিক পদার্থের উপস্থিতি ও বিষাক্ত গ্যাসের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করছিলেন অগ্নিনির্বাপণকর্মীরা।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান , আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন,  এই ভবনটা যখন নির্মাণ করা হয়, তখন  ফায়ার ডায়াগ্রাম মেইন্টেন করে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল এবং নিয়মিত এটা চেক করার কথা। পানি সরবরাহের বিষয়ে তিনি জানান, প্রথমদিকে পানির কিছুটা সমস্যা হয়েছিল। তবে এই প্রতিষ্ঠানে একটি পানির রিজার্ভার আছে, সেখান থেকে আমরা পানি ব্যবহার করেছি।

পুরোপুরি নিয়ন্ত্রণ কখন আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য আমরা একটি প্রসেস চালাই। এটা পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কালকের দিন সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। ভিতরে আগুনের যে স্ফুলিঙ্গ আছে বা আগুন যে চাপা দিয়ে আছে এটাকে নিয়ন্ত্রণ করতে আরও কিছু সময় লাগতে পারে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং কারখানার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। অগ্নিনির্বাপণ কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার পর এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

দুপুরে কারখানার গেটে থাকা  কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিনের মত তারা ভেতরে কাজ করছিলেন। সকালে চা বিরতির সময় হঠাৎ তারা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এসময় কারখানার লোকজন দ্রুত বের হয়ে আসায় কেউ হতাহত হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর