স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ‘দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে জনবল ও অবকাঠামোগত সংকট থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ও চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে সৃষ্ট নানা অসঙ্গতি দূর করে একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের দায়িত্বশীলভাবে কর্মস্থলে থেকে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং চিকিৎসকদের সমস্যা সমাধানে সরকার সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।