স্টাফ রিপোর্টার : ইস্টার্ন টিউবস লিমিটেডের পণ্য বহুমুখীকরণ কার্যক্রমের অংশ হিসেবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার ১২ ওয়াটের এলইডি এসি-ডিসি ব্যাকআপ বাল্বের উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাল্বটির উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ও ইস্টার্ন টিউবস লিমিটেড কোম্পানি বোর্ডের চেয়ারম্যান আব্দুল খালেক (চেয়ারম্যান গ্রেড–২)। এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইটিএল পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া আক্তার জাহান, ইটিএল কোম্পানি বোর্ডের পরিচালকবৃন্দ এবং প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে ইটিএলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সেলিম হাওলাদারের নেতৃত্বে কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীবৃন্দ চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ইটিএল কোম্পানি বোর্ডের চেয়ারম্যান আধুনিক প্রযুক্তি নির্ভর ও মানসম্মত এলইডি এসি-ডিসি ব্যাকআপ বাল্ব উৎপাদন ও বাজারজাতকরণের উদ্যোগকে স্বাগত জানান। তিনি দেশীয় শিল্পের বিকাশে এ ধরনের পণ্যের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত ইস্টার্ন টিউবস লিমিটেডের কার্যালয় থেকে বাল্বটির বাজারজাতকরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সাশ্রয়ী ও মানসম্মত এই পণ্যটি বিদ্যুৎ সাশ্রয়ী আলোর চাহিদা পূরণে এবং দেশীয় উৎপাদিত পণ্যের প্রসারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।