গাজীপুর প্রতিনিধি: কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষক ভালো থাকলে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়, অর্থনীতি শক্তিশালী হয় এবং দেশ এগিয়ে যায়। কৃষকদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে রোটারি ক্লাব অব ভাওয়াল-এর উদ্যোগে গাজীপুরের বাড়িয়া বাজারে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের উন্নত জাতের বিভিন্ন সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের আট প্রকার উন্নত জাতের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটারিয়ান মনির মুন্না, প্রোগ্রাম চেয়ার আবু সহিদ মিয়া, কো-চেয়ার জেমাম আহমেদ, বিশেষ অতিথি আইপিপি মোঃ সামছুল আলম শিবলী, পাস্ট প্রেসিডেন্ট আমিরুল ইসলাম সুমন, পাস্ট প্রেসিডেন্ট শেখ সফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান পলাশ, মেম্বারশিপ ডিরেক্টর সাইদুর রহমান, পাবলিক রিলেশন ডিরেক্টর হাফিজ উল্লাহ, সার্ভিস প্রজেক্ট চেয়ারম্যান জাবেদ সরোয়ার, সেক্রেটারি নাজমুল হাসান সরকার রাসেল এবং ট্রেজারার সাইদুল ইসলাম।
এ সময় রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটারিয়ান মনির মুন্না বলেন, “কৃষকরাই আমাদের দেশের প্রাণ। তাঁদের কঠোর পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির একটি বড় অংশ নির্ভরশীল। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাঁদের উৎপাদন কার্যক্রমে সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, উন্নত জাতের বীজ কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। কৃষকদের উৎসাহিত করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। ভবিষ্যতেও রোটারি ক্লাব অব ভাওয়াল কৃষকসহ প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে পাস্ট প্রেসিডেন্ট আমিরুল ইসলাম সুমন রোটারির বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সমাজকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।
সবজি বীজ বিতরণ শেষে রোটারি ক্লাব অব ভাওয়ালের সদস্যরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িয়া বধ্যভূমি পরিদর্শন করেন। এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগের কথা তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
“কৃষকের মুখে হাসি, দেশের মুখে হাসি”—এই প্রত্যয়কে সামনে রেখে রোটারি ক্লাব অব ভাওয়ালের এ উদ্যোগ প্রান্তিক কৃষকদের মাঝে উৎসাহ ও আশাবাদ সৃষ্টি করেছে।