বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন দিবস ২০২৬ উদযাপন ইস্টার্ন টিউবস লিমিটেড (ইটিএল) এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড (ইসিএল) এর মতবিনিময় সভা উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে কঠিন শর্তে ১৬০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার চম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফা। সাতক্ষীরায় যুব-তরুণদের ক্ষমতায়ন ও পরামর্শদাতা বিষয়ক কর্মশালা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল উত্তাল বঙ্গোপসাগর , কালবৈশাখী ঝড় ও অতিভারী বৃষ্টির পূর্বাভাস মাভাবিপ্রবিতে কোয়ালিটি রিভিউ ও র‍্যাঙ্কিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন দিবস ২০২৬ উদযাপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার : আনন্দ, আবেগ, গর্ব এবং অনাগত ভবিষ্যতের দীপ্ত প্রত্যাশায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘গ্র্যাজুয়েশন দিবস ২০২৬’।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন নবীন গ্র্যাজুয়েটদের জীবনের এক স্মরণীয় মাইলফলক হিসেবে পরিগণিত হয়। গাকৃবির উইন্টার ২০২৪ টার্মের বিএস (কৃষি), বিএস (ফিশারিজ), বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এবং ডিভিএম প্রোগ্রামের চারটি অনুষদ থেকে মোট ২৯৩ জন ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী এদিন গ্র্যাজুয়েট হবার গৌরব অর্জন করেন। দিনটি ছিল তাঁদের দীর্ঘ একাডেমিক যাত্রার গৌরবময় পরিসমাপ্তি এবং নতুন জীবনের দোরগোড়ায় পদার্পণের এক অনন্য ক্ষণ।

অনুষ্ঠানের সূচনা হয় সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে এক বর্ণিল গ্র্যাজুয়েশন শোভাযাত্রার মাধ্যমে।

ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের নিকটে গিয়ে শেষ হয়। অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর আবহ।

পরে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েশন দিবস উপলক্ষে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন। পরবর্তীতে চারটি অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল আনুষ্ঠানিকভাবে উপাচার্যের নিকট উপস্থাপন করেন।

ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্যে উঠে আসে চার বছরের স্মৃতি, শিক্ষক-সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা বন্ধন, কঠোর পরিশ্রমের গল্প এবং বিশ্ববিদ্যালয় জীবনের অমূল্য অভিজ্ঞতা। অনেকের চোখে ছিল আনন্দাশ্রু, কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর হৃদয়ে ছিল নতুন স্বপ্নের দীপ্তি। পরে উপাচার্য ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

সমাপনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “কৃষিপ্রধান বাংলাদেশ আজ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তার পেছনে দেশের কৃষিবিদদের অনন্য অবদান রয়েছে। আগামীর দক্ষ, মানবিক ও বিশ্বমানের কৃষিবিদ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে জ্ঞান, গবেষণা, নৈতিকতা ও নেতৃত্বে সমৃদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন,“গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ শুধু দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ই নয়, এর কারিকুলাম, একাডেমিক উৎকর্ষ এবং গবেষণা কার্যক্রম দেশের বহু বিশ্ববিদ্যালয়ের জন্য অনুসরণীয় মডেলে পরিণত হয়েছে।”

অতিথিবৃন্দের সঙ্গে গ্র্যাজুয়েটদের প্রাণবন্ত ফটোসেশন, স্মৃতিচারণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী এ আয়োজন।

এদিকে গ্র্যাজুয়েশন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ছিল বর্ণিল সাজসজ্জা, ব্যানার-পোস্টার, ফটো কর্নার, স্মৃতিচারণার আয়োজন এবং মিলনমেলার পরিবেশ। পুরো দিনজুড়ে ক্যাম্পাসে ছিল উৎসবের আবহ—যেখানে আনন্দ, আবেগ, কৃতজ্ঞতা এবং নতুন স্বপ্ন একসূত্রে গাঁথা হয়ে উঠেছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর