মাভাবিপ্রবি (টাঙ্গাইল) প্রতিনিধি: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাওলানা ভাসানী কর্তৃক প্রতিষ্ঠিত ও মাভাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬, সিজন-১-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমান। চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য-সচিব মো. মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়; এটি দলগত ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাইকে প্রতিযোগিতায় খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে অংশগ্রহণের আহ্বান জানাই।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমান বলেন, “শিক্ষার সঙ্গে খেলাধুলার সমন্বয় ঘটাতে পারলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো নিয়ম-শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখা।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে ভালো খেলোয়াড় তৈরির পথ সুগম করবে।”
এর আগে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথি মাঠে গিয়ে খেলোয়াড়দের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অগ্নিবীর-১৯-এর আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল চ্যাম্পিয়নশিপে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দলে অংশগ্রহণ করেছে।