মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান দেশের সব বোর্ডের এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ বাউবিতে ‘স্কুল অব ল’ এর উদ্যােগে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ওয়েবিনার অনুষ্ঠিত ফটিকছড়িতে তারেক রহমানকে ঘিরে জনতার ঢল, বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্যটন খাতে জিডিপির অবদান ৭ শতাংশে নিতে চায় সরকার : আফরোজা খানম সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শেখ রাজিব হাসানের মৃত্যু বিদ্যুৎ খাতকে অস্থির করতে একটি চক্র বেশ সক্রিয় : প্রধানমন্ত্রী গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ সেই গণভবনই এখন ‘জুলাই জাদুঘর’

কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে প্রশাসন-জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, কাপাসিয়া থানার অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন আহম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির ফরহাত মোল্লা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, বিআরডিবি কর্মকর্তা দিলারা জামান ফকির, কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইন্সপেক্টর মাহফুজুর রহমান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ও সচেতন নাগরিকবৃন্দ।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এর নেতিবাচক প্রভাব বিশেষ করে তরুণ সমাজের ওপর পড়ছে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সমাজে সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধও অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

‎সংসদ সদস্য আরও বলেন, পুলিশ ও প্রশাসনের কার্যক্রমে জনগণকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী উভয়ের বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

‎তিনি উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তার মতে, সময়মতো মাদকের বিস্তার রোধ করা না গেলে সমাজে অপরাধ ও অস্থিরতা আরও বাড়তে পারে।

‎সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জনস্বার্থসংশ্লিষ্ট বক্তব্যের প্রশংসা করে সংসদ সদস্য বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, কোনো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে শুধু স্থানীয় জনগণের নিরাপত্তাই বিঘ্নিত হয় না, দেশের সামগ্রিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। তাই অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সীমিতসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর একক প্রচেষ্টায় পুরো এলাকার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। এ কাজে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন।

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান ইউএনও। অপরাধের বিষয়ে কেউ তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

‎সভায় মাদক, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎সভায় বক্তারা কাপাসিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর