বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব: কালীগঞ্জ ইউএনও গুলশান লেকের পরিবেশ রক্ষা করার নির্দেশ প্রধানমন্ত্রীর সমালোচনার মুখে প্রাথমিকের পাঠাগারে তিন বই রাখার নির্দেশনা বাতিল জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে : নাহিদ ইসলাম প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কারখানা পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ গভীর রাতে নার্সকে হেনস্তার প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জুলাই অবমাননায় আনিস আলমগীর, সোমা, পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে পৃথক মানববন্ধন

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব: কালীগঞ্জ ইউএনও

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গ্রাম আদালতের মাধ্যমে অল্প খরচে ও স্বল্প সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তি সম্ভব বলে মন্তব্য করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। একই সঙ্গে তিনি মাদক, বাল্যবিবাহ ও পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম ও গ্রাম আদালত বিষয়ে এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক।

ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূল স্তর। গ্রাম আদালতের মাধ্যমে কম খরচে ও দ্রুত স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা যায়। গ্রাম আদালতের প্যানেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট পাঁচজন সদস্য থাকেন। আবেদনকারী ও প্রতিবাদী পক্ষ থেকে দুজন করে চারজন প্রতিনিধি মনোনীত হন। নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে একজন নারী সদস্যের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক।

তিনি বলেন, মাদক কোনো সমস্যার সমাধান নয়; বরং এটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় ধরনের হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকে শুরু করে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বাল্যবিবাহ প্রসঙ্গে ইউএনও বলেন, ‘২০-তে বুড়ি নয়, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নয়।’ তিনি উপস্থিত সবাইকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। একজন তরুণ মাদকে জড়িয়ে পড়লে তার নিজের পাশাপাশি পরিবারের স্বপ্নও নষ্ট হয়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে লড়াই মানে নিজের ভবিষ্যৎ রক্ষার লড়াই।’

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক বলেন, গ্রাম আদালতে দেওয়ানি ও ফৌজদারি—উভয় ধরনের ছোটখাটো বিরোধের নিষ্পত্তি করা যায়। এখানে আইনজীবীর প্রয়োজন হয় না; পক্ষগুলো নিজেরাই নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। তিনি জানান, গ্রাম আদালতে দেওয়ানি মামলার আবেদন ফি ২০ টাকা এবং ফৌজদারি মামলার আবেদন ফি ১০ টাকা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের গাজীপুরের উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন (আকাশ), উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্না এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন।

উপজেলা মহিলা সংস্থার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন শিকদার, জেলা বিএনপির সাবেক প্রবাসীকল্যাণ সম্পাদক মো. গোলজার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য কাজী মাহাবুর রহমান সবুজ, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাঈম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈম শাহরিয়ার মাসুম, জেলা ছাত্রদলের সদস্য নাদিম হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর