গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে এক সাংবাদিক পরিবারের পৈতৃক ও মালিকানাধীন জমিতে জোরপূর্বক অনুপ্রবেশ করে মূল্যবান গাছ কেটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। বাধা দেওয়ায় ওই সাংবাদিকের পরিবারকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
শনিবার (২৭ জুন) সকাল দশটার দিকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকার বকচর পাড়ায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম শুভ ‘গাজীপুর সাংবাদিক পরিষদ’-এর আইন বিষয়ক সম্পাদক এবং ‘দৈনিক দেশ বুলেটিন’ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় তাঁর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পিরুজালী এলাকার ওই পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। শনিবার সকালে স্থানীয় মোশারফ বেপারী ও রফিকসহ বেশ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ পেশিশক্তির জোরে ওই জমিতে প্রবেশ করে। কোনো প্রকার আইনি তোয়াক্কা না করে এবং জমির মালিকদের অনুপস্থিতিতে তারা বাগানে থাকা আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের পাঁচটি আকাশমনি গাছ কেটে ফেলে।
পরবর্তীতে সাংবাদিক পরিবারের সদস্যরা এই বেআইনি গাছ কাটার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হয়। সন্ত্রাসী কায়দায় তাদের মারধর করার চেষ্টা চালানো হয় এবং গাছ কাটা নিয়ে কোনো ধরনের আইনি পদক্ষেপ বা বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা স্থান ত্যাগ করে।
এই ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। জমির মালিক ও ভুক্তভোগী পরিবার তাদের জানমালের সার্বিক নিরাপত্তা চেয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে স্থানীয় থানা ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
সাংবাদিক সাইফুল ইসলাম শুভ বলেন, প্রকাশ্য দিবালোকে যেভাবে জোরপূর্বক পৈতৃক সম্পত্তি দখল ও গাছ কেটে নিয়ে আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তাতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই ভূমিদস্যু ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই (নিরস্ত্র) আতিকুজ্জামানের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।