কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ‘মাদকমুক্ত সমাজ গড়ুন, মাদককে না বলুন’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে কালীগঞ্জ আর আর এন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মোট ১২টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম (মানু)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সদস্যসচিব মো. শফিকুল ইসলাম (শফিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নাদিমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মো. মাকসুদুর রহমান, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আকবর এবং কালীগঞ্জ বাজারের সেবা হোটেলের মালিক ফারুক আহমেদ।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শামসুজ্জামান আকাশ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। এতে পুবাইল বাজার একাদশ চ্যাম্পিয়ন এবং কালীগঞ্জ পৌরসভার ভাই ব্রাদার্স একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুন্না হোসেন।
আয়োজকদের মতে, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে