গাজীপুর প্রতিনিধি : প্রতিনিধিঅনুমোদন ছাড়া পণ্য বিক্রির অভিযোগে গাজীপুরের দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কর্তৃপক্ষ। রোববার গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
বিএসটিআই গাজীপুর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই জুতা বিক্রি ও বিতরণের দায়ে গাজীপুরের শ্রীপুরে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অনুমোদন ছাড়া পাওয়ার ট্রান্সফরমার বিক্রি ও বিতরণের দায়ে আরেকটি প্রতিষ্ঠানকেও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই গাজীপুর অফিসের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ না করে জুতা পণ্য বিক্রি ও বিতরণ করায় ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, অনুমোদনবিহীনভাবে পাওয়ার ট্রান্সফরমার বিক্রি ও বিতরণের দায়ে ইলেক্ট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিএসটিআই ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম।
অভিযানে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুরের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান এবং সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ আনিছুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া , প্রকৌশলী অর্ণব চক্রবর্ত্তী এবং পরিদর্শক (মেট্রোলজি) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্মকর্তারা জানান, মান ও পরিমাপসংক্রান্ত আইন বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সনদ ও লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন, মোড়কজাত, বিক্রি ও বিতরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।