গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও সংযোগ নেওয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চারজনকে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত ছয়টি স্পট কিল ও প্রায় ১০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে প্রতিঘন্টায় প্রায় ৫ হাজার ২৫০ ঘনফুট গ্যাসের লোড বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধা পরযযন্ত গাজীপুরের লক্ষীপুরা, হাজীরপুকুর ও কলমেশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ। অভিযানে তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুবসহ তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে মহানগরীর লক্ষীপুরা এলাকায় ইন্টারমেক্স সোয়েটার লিমিটেডের অভিযান চালানো হয়। পরে হাজীরপুকুর, ছয়দানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় তিনজন ব্যবহারকারীকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বোর্ডবাজার কলমেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় এক ব্যবহারকারীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সব মিলিয়ে ছয়টি ৩/৪ ইঞ্চি লাইন কিল করার পাশাপাশি আনুমানিক ১০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে। বিচ্ছিন্ন করা সংযোগগুলোর মধ্যে আবাসিক শ্রেণির আনুমানিক ২৫০টি দ্বিমুখী সংযোগ রয়েছে। প্রতি ঘন্টায় এসব সংযোগের মোট লোড প্রায় ৫ হাজার ২৫০ ঘনফুট।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ হিসেবে গ্যাসের অবৈধ ব্যবহার রোধ এবং বৈধ গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।
অভিযানে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হলেও এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।