শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়কে ২৭টি মাইক্রোবাস হস্তান্তর করলো   প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড শীতলক্ষ্যা নদী থেকে শিকল পরা যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, দুই মামলা করে নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক হাবিব আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে ৯০ ডলারের নিচে ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু : ইশরাক হোসেন

লাখো মুসল্লির অংশগ্রহণে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা সমাপ্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ ভিজিটর

কালিমুল্লাহ ইকবাল :লাখো মুসল্লির অংশগ্রহণ, কোরআন-হাদিসের আলোচনাসহ নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর ২০২৬ সালের তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর আবেগঘন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটে।

প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সুবিশাল প্যান্ডেলের ভেতরে ও বাইরে শেষ পর্যন্ত অবস্থান করেন দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিরা। আখেরি মোনাজাতের সময় লাখো মুসল্লি দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করেন। এ সময় পুরো ইজতেমা ময়দান ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।

আখেরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামীর বিশ্বব্যাপী দাওয়াতি কার্যক্রমের তত্ত্বাবধায়ক আল্লামা ইমরান আত্তারী। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

এর আগে জুমার নামাজে ইমামতি করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা উবাইদ রেজা আত্তারী আল-মাদানী। জুমার আগে মূল বয়ান পেশ করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সম্মানিত সভাপতি আলহাজ আবদুল মুবিন আত্তারী।

ইজতেমার শেষ দিনে সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত দাওয়াতে ইসলামীর মুবাল্লিগরা কোরআন ও হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় ইসলামী শরিয়তের বিধিবিধান, মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব, আল্লাহভীতি, জুলুম-অত্যাচারের পরিণতি, নামাজের গুরুত্ব, বেনামাজির পরিণতি, ব্যভিচার থেকে আত্মরক্ষা, কোরআন-হাদিসের আলোকে জীবন গঠন, মৃত্যু, কবর ও হাশরের প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় হামদ, নাত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ইজতেমা ময়দানে এক আবেগঘন ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়। ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে বয়ান করেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ মাওলানা কাওসার আত্তারী।

বয়ানে বক্তারা বলেন, মহান আল্লাহর নির্দেশিত পথে চলা এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাত যথাযথভাবে অনুসরণ করার মধ্যেই মানবজাতির প্রকৃত কল্যাণ নিহিত। মানুষের নিয়ত, চিন্তাধারা ও কর্মজীবন মহান আল্লাহ এবং তাঁর রাসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পরিচালিত হওয়া উচিত। নবীজির আদর্শ অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখিরাতের মুক্তি সম্ভব।

তারা আরও বলেন, প্রত্যেক মুসলমানের উচিত শরিয়তসম্মত পদ্ধতিতে নিয়মিত নামাজ আদায় করা এবং ইসলামের সৌন্দর্য ও নেকির দাওয়াত বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করা।

দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ আবদুল মুবিন আত্তারী ইজতেমা সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি ইজতেমা আয়োজনে সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পীর-মাশায়েখ ও আশেকে রাসুলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইজতেমায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান তিনি।

গত বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া তিন দিনের এ ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো আশেকে রাসুল (সা.) অংশগ্রহণ করেন। বিষয়ভিত্তিক বয়ান, জিকির-আজকার, হামদ-নাত ও ধর্মীয় আলোচনায় মুখর ছিল পুরো ইজতেমা ময়দান।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিন দিন ও তিন রাতের এ আয়োজনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে আয়োজক সূত্রে জানা গেছে। মুসল্লিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবার জন্য মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। দাওয়াতে ইসলামীর স্বেচ্ছাসেবী কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

আখেরি মোনাজাত শেষে নেকির দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে তিন, ১২, ৩০ ও ৬৩ দিনের সফরের উদ্দেশ্যে সংগঠনটির ১১২টি টিমের মাধ্যমে মাদানি কাফেলা যাত্রা শুরু করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর