মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়কে ২৭টি মাইক্রোবাস হস্তান্তর করলো   প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড শীতলক্ষ্যা নদী থেকে শিকল পরা যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, দুই মামলা করে নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক হাবিব আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে ৯০ ডলারের নিচে ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু : ইশরাক হোসেন কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গ্রামীণ অর্থনীতিতে সমবায় আন্দোলন জোরদারের তাগিদ রিজভীর বিদ্যুৎ ঘাটতি থেকে বর্জ্য ব্যবস্থাপনা- ক্ষুদে বিজ্ঞানীদের ৮০ উদ্ভাবন

শীতলক্ষ্যা নদী থেকে শিকল পরা যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৩ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর ওসমান গনি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নসংলগ্ন নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। উদ্ধারের সময় তাঁর কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা ছিল। এ ঘটনায় শিকল পরানোর কারণ ও নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিহত ওসমান গনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। তিনি তাঁর ফুপা বাবুল হোসেনের দোকানের কর্মচারী মাসুমের ধাওয়া খেয়ে নদীতে পড়ে নিখোঁজ হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাবুল হোসেনের দোকানের কর্মচারী মাসুম লাঠি নিয়ে ওসমানকে ধাওয়া করেন। এ সময় আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করলে শিকল বাঁধা অবস্থায় তিনি একটি নৌকায় ওঠেন। পরে মাসুম তাঁকে ধরতে গেলে তিনি শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে পানিতে তলিয়ে যান ওসমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, ওসমানকে নদীতে তলিয়ে যেতে দেখেও তাঁকে উদ্ধারের চেষ্টা না করে ঘটনাস্থল থেকে চলে যান মাসুম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। শনিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তাঁকে পাওয়া যায়নি।

পরদিন রোববার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার তল্লাশি শেষে দুপুর ১টার দিকে বাহাদুরসাদী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের টিম ইনচার্জ মামুন বলেন, শনিবার এক যুবক পানিতে ঝাঁপ দিয়েছেন বলে তাঁরা খবর পান। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন অভিযান শেষ করা হয়। রোববার সকালে আবারও তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় যুবকের কোমর ও পায়ে শিকল বাঁধা ছিল।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে।

তবে ওসমানকে শিকল পরিয়ে রাখার কারণ নিয়ে তাঁর ফুপা বাবুল হোসেন ও স্থানীয়দের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। বাবুল হোসেন বলেন, ‘ওসমান গনি আমার ছেলের মতো। দীর্ঘদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল। এ-সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও রয়েছে। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আগামী শুক্রবার তাকে আবারও হাসপাতালে নেওয়ার কথা ছিল।’

অন্যদিকে দোকানের কর্মচারী মাসুম বলেন, ‘তাকে ধরে বাসায় নেওয়ার সময় সে পালানোর চেষ্টা করে। এ কারণে আমি লাঠি দিয়ে তাকে ধাওয়া দিই। সে আমার কাছ থেকে ছুটে গিয়ে নৌকায় ওঠে। সেখানে লাঠি নিয়ে তাকে ধরতে গেলে সে নদীতে ঝাঁপ দেয়। তখন তার পায়ে ও কোমরে শিকল বাঁধা ছিল।’

কালীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. ইকবাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিকল পরা অবস্থায় ওসমানকে কেন রাখা হয়েছিল, কী পরিস্থিতিতে তাঁকে ধাওয়া করা হয়েছিল এবং নদীতে পড়ে যাওয়ার পর তাঁকে উদ্ধারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কি না—এসব বিষয় তদন্তে উঠে আসবে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর