কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিছিলটি সোনালী ব্যাংকের মোড় হতে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান ও পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম।
পথসভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীরা যেন কোন প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে সেজন্য প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার অপরাধে জড়িত অপরাধীদের অবিলম্বে দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর বিএনপির সদস্য সালাহউদ্দিন আহমেদ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম আকন্দ, পৌর যুবদলের আহবায়ক কায়েস ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।