গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জয়দেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে কাচ্চি ডাইন নামের একটি রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় কাচ্চি ডাইনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপপরিচালক) বি.এম. রুহুল আমিন রিমন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিদর্শনকালে রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। সেখানে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতিও পরিলক্ষিত হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ টেম্পারিং করা কনডেন্সড মিল্ক সংরক্ষণ ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
রেস্তোরাঁটির রেফ্রিজারেটরে কোনো ধরনের লেবেল সংযুক্ত না করে মাংস সংরক্ষণ করতেও দেখা যায়। একই সঙ্গে ফায়ার লাইসেন্স ও রেস্তোরাঁ নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
এসব অনিয়মের বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোজাম্মেল হোসেন এবং সংস্থাটির অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।