গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ২০০টি অবৈধ আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধ গ্যাস সংযোগের দায়ে ৩ জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গাজীপুর মহানগরীর ভোগড়া, কলমেশ্বর ও মালেকের বাড়ী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে জেলা প্রশাসনের সহযোগিতায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ গাজীপুর মহানগরীর ভোগড়া, কলমেশ্বর ও মালেকের বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন কারখানা ও আবাসিক এলাকা পরিদর্শন করা হয়। অভিযানের সময় বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় পূর্বে বিচ্ছিন্নকৃত রাইজার হতে অবৈধ সংযোগ গ্রহণ করায় ভ্রাম্যমান আদালত ২ জনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে মালেকের বাড়ী এলাকায় অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের কারনে ১ জন আবাসিক গ্রাহককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় প্রায় ৪শ ফুট পাইপলাইন অপসারন করা হয় এবং ২শ দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাশরীফুল ইসলাম। এসময় তিতাস গ্যাস অফিসের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
