স্টাফ রিপোর্টার: গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়।
পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি-এই চার খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল ট্যুরিজম উন্নয়ন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি খাতের সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নতুন এই প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে। পর্যটন খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের অংশীজনদেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
তিনি বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতের অংশীজনদের সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত।
গত ১৭ বছরে পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে আফরোজা খানম বলেন, বর্তমান সরকার এই খাতের উন্নয়ন এবং এর সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সব অংশীজনের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা সম্ভব হবে।