ফটিকছড়ি (চট্টগ্রাম ) থেকে নাজিম উদ্দীন: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে সকল দোকান, বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে উপজেলা প্রশাসন।
এ লক্ষ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়।
পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থ ও শৃঙ্খলা রক্ষার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।