স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে। রবিবার দুপুরে মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী (দক্ষিণপাড়া দিঘীরপাড়) ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ (১২) রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর (শঠিবাড়ী) গ্রামের আকমল হোসেনের ছেলে এবং আব্দুল মোমিন (১০) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তাতলা গ্রামের শামীমের ছেলে। তারা পরিবারের সঙ্গে গাজীপুর মহানগরীর দক্ষিণ দেওয়ালিয়াবাড়ী ভাড়া বাড়িতে থেকে স্থানীয় বাগানবাড়ী চৌরাস্তা আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) কোনাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, রবিবার সকালে জুনায়েদ ও মোমিন দেওয়ালিয়াবাড়ী (দক্ষিণপাড়া দিঘীরপাড়) ঈদগাহ মাঠ সংলগ্ন ডোবায় গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা ডোবার মাঝখানে গিয়ে পানিতে তলিয়ে যায়। দুপুরে ঈদগাহ মাঠে খেলার সময় শিশুরা ওই দুইজনের লাশ ভাসতে দেখে ডাকচিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এসে পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা রুবেলে (১৮) বলেন, ছোট বাচ্চাদের চিৎকারে শুনে এগিয়ে এসে ডোবায় দুই শিশুর লাশ ভাসতে দেখি। পরে আমিসহ কয়েকজন ডোবায় নেমে তাদের লাশ পাড়ে নিয়ে আসি। এর মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই দুই শিশুর পরিবারের সদস্যরা এসে তাদের সন্তানদের সনাক্ত করে।
জিএমপির কোনাবাড়ী ওসি সালাহ উদ্দিন জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ওই দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় শিশুরা পানিতে ডুবে মারা যায়।