স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) ডেলিগেশনের প্রধান নিকোলাস ফ্লেরি।
বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) ও মানবিক কার্যক্রমে সহযোগিতা আরও জোরদার এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আইসিআরসির আরও জোরালো ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে আইসিআরসির দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক মানবিক আইন প্রচার, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি ও জরুরি সহায়তায় সংস্থাটির অবদানের কথা তুলে ধরেন তিনি।
হুমায়ুন কবির জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জাতীয় আন্তর্জাতিক মানবিক আইন কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
আন্তর্জাতিক পর্যায়ে আইএইচএল প্রচারে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। জানান, বাংলাদেশ ‘গ্লোবাল আইএইচএল ইনিশিয়েটিভ’র ‘আইএইচএল অ্যান্ড পিস’ কর্মধারার কো-চেয়ার হিসেবে কাজ করছে। আগামী ডিসেম্বর জর্ডানে অনুষ্ঠেয় ‘হাই-লেভেল কনফারেন্স অন হিউম্যানিটি ইন ওয়ার’-এ উপযুক্ত পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।
বৈঠকে কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আইসিআরসির মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে আইসিআরসিকে আরও জোরালোভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জবাবে নিকোলাস ফ্লেরি বাংলাদেশের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি ও মানবিক কার্যক্রমে আরও সহায়তার বিষয়ে আইসিআরসির প্রস্তুতির কথা জানান।