নাটোর প্রতিনিধি : নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চৌগ্রাম এলাকায় সংস্কার ও প্রশস্তকরণের কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে সড়কের কিনারা ধসে পড়েছে। দেখা দিয়েছে ফাটলও। এতে ব্যস্ত এ মহাসড়কে যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শেরকোল থেকে চৌগ্রাম পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও ফোরলেনের কাজ সম্প্রতি শেষ হয়েছে। এর পরপরই সড়কের বিভিন্ন অংশে ভাঙন ও ধস দেখা দেয়। কোথাও পিচের স্তরের নিচ থেকে মাটি ও পাথর সরে গিয়ে সড়কের কিনারা ফাঁকা হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের প্রায় ১৫টি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে বালুর বস্তা দিয়ে সাময়িকভাবে ধস ঠেকানোর চেষ্টা করা হয়েছে। কোথাও সড়কের পাশের পোলও উল্টে পড়ে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত অংশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
২০২১-২২ অর্থবছরে নাটোর-বগুড়া মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। এর অংশ হিসেবে শেরকোল-চৌগ্রাম এলাকায় ফোরলেন নির্মাণ ও সড়ক প্রশস্তকরণের কাজ করা হয়েছে। তবে নিংগইন ও হাইটেক পার্ক এলাকায় দুটি সেতুর নির্মাণকাজ এখনও চলমান।
সড়ক নির্মাণের পরপরই ধস ও ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে এর প্রকৃত কারণ এবং কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, তিনি অল্প কিছুদিন আগে দায়িত্ব নিয়েছেন। ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।