গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের ‘বাংলার রাঁধুনী’ রেস্তোরাঁর স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবুর রহমান তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার,মানহানি এবং সমঝোতার কথা বলে ডেকে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন। এসব ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বোর্ডবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন হাবিবুর রহমান। তিনি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান অভিযোগ করেন,ব্যবসায়িক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থে স্থানীয় এক রেস্তোরা ব্যবসায়ী রেজানুর রহমান ও তার সহযোগি মেহেদী হাসান নামক দুই ব্যক্তি প্রায় সাত বছর ধরে তাঁকে ও তাঁর প্রতিষ্ঠানকে হয়রানি করছেন। সম্প্রতি তাঁর ও পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন পোর্টালে মিথ্যা ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। গত দুই মাসে এ ধরনের ৬০ থেকে ৭০টি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
হাবিবুর রহমান জানান,সমঝোতার কথা বলে ডেকে নিয়ে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়এ ঘটনায় গত ১০ আগস্ট ঢাকা মহানগর আদালতে মামলা দায়ের করেছেন তিনি (৬৭০/২৬ নম্বর ) । এছাড়া মিথ্যা ও মানহানিকর ভিডিও প্রতিবেদন প্রকাশের অভিযোগে গত ৭ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ৪৭৭/২৬ নম্বর আরেকটি মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, তিনি স্বাধীন সাংবাদিকতার বিরোধী নন।সাংবাদিকগন সত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করবেন এটাই আমার কাম্য । তবে তথ্যপ্রমাণ ছাড়া সংবাদ প্রকাশের নামে কাউকে হয়রানি ও মানহানি করা গ্রহণযোগ্য নয়। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের আইনের আওতায় আনা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির গাজীপুর জেলা শাখার সদস্য সচিব নুর এলাহী, কাচ্চি বাড়ির মালিক রিপন আহমেদ, রাজধানী রাস্তার মালিক আলী হোসেন, আলামিন হোটেলের মালিক তামিম আহমেদ প্রমুখ সহ স্থানীয় বিভিন্ন রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।