কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: শিশুসাহিত্যে লেখালেখির স্বীকৃতি হিসেবে ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় গল্পকার, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুল। তাঁর লেখা শিশুতোষ গল্পগ্রন্থ ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইটির বিক্রয়-সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দিয়েছে প্রকাশনা সংস্থা বাবুই।
২০১৭ সালে প্রকাশিত বইটি দীর্ঘদিন ধরে পাঠকদের আগ্রহ ধরে রেখেছে। বইটির ধারাবাহিক বিক্রয়-সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার লেখকের হাতে উঠেছে এ পুরস্কার।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী আয়োজিত ‘বাবুই শিশু সাহিত্য উৎসব ২০২৬’-এ এ সম্মাননা দেওয়া হয়। উৎসবে শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনসুর মুসা, লেখক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক; বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক হাসান হাফিজ; লেখক, সাংবাদিক ও প্রকাশক কাদের বাবু এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে শাম্মী তুলতুল বলেন, ‘এই পুরস্কারটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। লেখালেখির স্বীকৃতি হিসেবে দুই বাংলায় অনেক সম্মানজনক পুরস্কার পেয়েছি। তবে বেস্ট সেলার হিসেবে এটিই আমার প্রথম স্বীকৃতি। সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের জন্য পাওয়া এ সম্মাননা আমার কাছে অন্য অর্জনগুলোর চেয়ে আলাদা।’
উল্লেখ্য, শাম্মী তুলতুল দুই বাংলার পরিচিত গল্পকার, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক। লেখালেখির মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি অর্জন করেছেন। বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। সাহিত্যচর্চার এ পথচলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়া কামনা করেছেন তিনি।