শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: যোগাযোগ প্রতিমন্ত্রী উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: বাণিজ্যমন্ত্রী মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর আইনি ব্যবস্থা ছাড়া এমপিকে পদত্যাগের নির্দেশ সেইফ এক্সিটের প্রচেষ্টা: ডাকুস ভিপি জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন লাগবে না নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান এমপি ফজলুল হক মিলনের সরকার বৈধ উপায়ে কর্মী পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ : আরিফুল হক চৌধুরী সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমেদ

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: যোগাযোগ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার : খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব । তিনি বলেন, আজকের তরুণদের যদি আমরা মাদকের হাত থেকে রক্ষা করতে পারি, তবেই একটি সমৃদ্ধ ও নৈতিক বাংলাদেশ গঠন সম্ভব হবে।’

শুক্রবার রাজধানীর বাসাবো বালুর মাঠে আয়োজিত ‘ক্লাব চ্যাম্পিয়ন্স স্পিড স্কেটিং প্রতিযোগিতা-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিযোগিতাটির আয়োজন করে বাসাবো স্কেটিং একাডেমি ও জয় স্কেটিং ক্লাব।

অনুষ্ঠানে হাবিবুর রশিদ বলেন, ‘গোলাম মোস্তফার বিখ্যাত কবিতার পঙ্‌ক্তি— ‘‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।’’ অর্থাৎ আজকের তরুণরাই একদিন পিতা হবে, পরিবার ও রাষ্ট্রের দায়িত্ব বুঝে নেবে। তাই এ তরুণদের জাতিকে সঠিকভাবে পরিচালনা করতে নৈতিক জ্ঞানসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তরুণদের বর্তমান চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘কিশোর বয়স স্বপ্ন, শিক্ষা, খেলাধুলা ও নিজেকে গড়ে তোলার সময়। অথচ এই বয়সেই তরুণদের একাংশ সংঘর্ষ, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মতো অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন তরুণসমাজ। এই নেশার ভয়াবহ ছোবলে দেশের সম্ভাবনাময় প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এটি কেবল সাধারণ আইনশৃঙ্খলাবিষয়ক সমস্যা নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় উৎকণ্ঠার কারণ।’

নতুন প্রজন্মের উদ্দেশে ঢাকা-৯ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘তোমরা যদি মাদকের ফাঁদে পড়ে জীবন নষ্ট করে ফেলো, তবে শুধু তোমরাই ক্ষতিগ্রস্ত হবে না; ক্ষতিগ্রস্ত হবে একটি জাতি গড়ার স্বপ্ন, ভবিষ্যৎ নেতৃত্ব এবং সম্ভাবনাময় মানবসম্পদ। তাই মাদককে এখনই লাল কার্ড দেখাতে হবে, শুরু করতে হবে যুদ্ধ। মাদকমুক্ত ঢাকা-৯ আমার অঙ্গীকার, আর তোমরাই হবে সেই লক্ষ্য অর্জনের প্রধান হাতিয়ার। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা যেভাবে ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি, ঠিক সেভাবেই আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এই লড়াই কেবল অপরাধ দমনের যুদ্ধ নয়, এটি বাংলাদেশের মানবসম্পদ, নৈতিক শক্তি, সামাজিক স্থিতি এবং জাতীয় ভবিষ্যৎ রক্ষার লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। আর জিততে হলে তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে হবে। নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে, বিকাশ ঘটায় নেতৃত্বের। শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মতো সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের আগামী প্রজন্মকে প্রস্তুত করব।’

স্কেটিং প্রতিযোগীদের শারীরিক দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘তোমরা যে দক্ষতার সঙ্গে রোলার স্কেটিংয়ে ভারসাম্য রক্ষা করে নৈপুণ্য দেখালে, মনে রাখবে—জীবনও রোলার স্কেটিংয়ের মতো এক ভারসাম্যের খেলা। পড়ালেখায় ভালো করার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে।’

এ সময় স্থানীয় উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা-৯ আসনের জনগণ বিশ্বাস করে ও ভালোবাসে বলেই তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করেছে। সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রধান অগ্রাধিকার। আমার দলের কিংবা আমার ডানে-বামে, সামনে-পেছনে থাকা কেউ যদি মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকে, তবে আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলব—তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যেন আপনাদের হাত না কাঁপে।’

বাসাবো স্কেটিং একাডেমির সাধারণ সম্পাদক মো. ফয়সাল (জয়)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সার, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী এ এইচ এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাদিম এবং জয় স্কেটিং ক্লাবের সভাপতি মো. উজ্জ্বল মিয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর