স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বর্তমানে দেশটিতে শ্রমিকদের ন্যূনতম বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার টাকা। প্রস্তাবটি কার্যকর হলে এই বেতন বেড়ে প্রায় ৬০ হাজার টাকা হতে পারে।
তবে ২ হাজার রিঙ্গিত ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি এখনো অনুমোদন পায়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার।
আকমল নাসরুল্লাহ বলেন, মজুরি পুনর্নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এমনভাবে সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে, যাতে একদিকে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত হয়, অন্যদিকে নিয়োগকর্তারাও অতিরিক্ত চাপের মুখে না পড়েন।
তিনি বলেন, ‘আমরা বিষয়টির বিভিন্ন দিক পর্যালোচনা করছি। কীভাবে এটি বাস্তবায়ন করলে ভারসাম্য বজায় থাকবে, সেটিও দেখা হচ্ছে। কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি নিয়োগকর্তা, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা ও এমএসএমইগুলোর টেকসই অবস্থানও আমাদের বিবেচনায় রাখতে হবে।’
অর্থমন্ত্রী আরও জানান, ন্যূনতম মজুরি সংশোধনের ক্ষেত্রে নিয়োগকর্তাদের বিভিন্ন শ্রেণির অবস্থানও বিবেচনায় নেওয়া হচ্ছে। ২ হাজার রিঙ্গিত ন্যূনতম মজুরি করার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রস্তাবটি চূড়ান্তভাবে কার্যকর হলে বর্তমানে ন্যূনতম মজুরিতে থাকা বিদেশি শ্রমিকদের আয় বাড়ার সুযোগ তৈরি হবে। তবে কোন খাতের শ্রমিকদের ক্ষেত্রে নতুন মজুরি প্রযোজ্য হবে এবং তা কবে থেকে কার্যকর হবে, তা নির্ভর করবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
এর মধ্যে মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণান জানিয়েছেন, ২ হাজার, ২ হাজার ১০০ কিংবা ২ হাজার ২০০ রিঙ্গিত—কোনো অঙ্কই এখনো সরকার অনুমোদন করেনি। ফলে প্রবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরি শেষ পর্যন্ত কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।