স্টাফ রিপোর্টার : অবৈধ দখল, বন উজাড় ও পরিবেশ দূষণের হাত থেকে ঐতিহ্যবাহী ভাওয়াল বন রক্ষার দাবিতে গাজীপুরে আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় গাজীপুর সদর উপজেলার সিংড়াতলী বাজারের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘ভাওয়াল বন বাঁচাও’ শীর্ষক এ অনুষ্ঠানে পরিবেশকর্মী, শিক্ষাবিদ, বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্যের আধার ভাওয়াল বন বর্তমানে মারাত্মক হুমকির মুখে। বনের জমি অবৈধ দখল, নির্বিচারে গাছ কাটা, বর্জ্য ফেলে দূষণ, বনে আগুন দেওয়া এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে এই বনের অস্তিত্ব সংকটে পড়েছে। বক্তারা সতর্ক করে বলেন, ভাওয়াল বন শুধু গাজীপুরের সম্পদ নয়; এটি দেশের সামগ্রিক পরিবেশগত ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজের সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভাওয়াল বন রক্ষার আন্দোলনকে আরও বেগবান করতে হবে। একই সঙ্গে বনে আগুন দেওয়া, বর্জ্য ফেলা এবং বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তারা। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার, স্থানীয় জনগণ ও তরুণদের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনের পরিচালক নাঈম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, নদী ও প্রাকৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম, গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সিদ্দিকুর রহমান আকন্দ, ফাউন্ডেশনের উপদেষ্টা আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মিশকাত রাসেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মাসুদ ইবনে মোবারক, হিলফুল এডুকেশন একাডেমির পরিচালক আব্দুসাত্তার শান্ত, সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির পরিচালক সালাউদ্দিন আহমেদ মিলন এবং মাওনা চৌরাস্তা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রওশন হাসান রুবেল।
আলোচনা সভা শেষে বনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বাড়াতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।