গাজীপুর প্রতিনিধি: হাদি হত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই ইস্যুতে বিলম্ব বন্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা “হাদি হত্যার বিচার চাই”, “গণভোটের রায় বাস্তবায়ন”, “জুলাই নিয়ে তালবাহানা চলবে না”—এমন বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে অবস্থান নেন।
সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া জুলাই সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘসূত্রিতা বন্ধ করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।