স্টাফ রিপোর্টার : জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দিলেন স্পিকার। তিনি প্রশ্নত্তর পর্বের পরে অন্য বিষয়ে কথা বলার সময় পাবেন বলে জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পর্যায়ক্রমে এই সংসদ গঠিত হয়েছে। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে— একটি সংসদ নির্বাচন, আরেকটি গণভোট।’ এটুকু বলার পর স্পিকার থাকে থামিয়ে দিয়ে বিষয়টি বাদ দিয়ে দিনের কর্মসূচি হিসেবে তারকা চিহ্নিত প্রশ্ন করতে বলেন।
এরপর বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি আজকে উত্থাপন করা জরুরি। আমি আজকে সময় পাব তো বিষয়টি নিয়ে কথা বলার? স্পিকার বলেন, এখন এটা উত্থাপন করা যাবে না। প্রশ্নত্তর পর্বের পরে কথা বলার সময় দেওয়া হবে।
আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব রয়েছে। এছাড়া বৈঠকে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হবে।