স্টাফ রিপোর্টার: অনুষ্ঠিত হলো ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় রাজধানীর রমনায় আইইবি’র পুরাতন ভবনের সেমিনার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহ্বায়ক মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য (উলিপুর) মোঃ মাহবুবুল আলম সালেহী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) মোঃ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং প্রবাসে বসবাসরত জেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার নবনির্বাচিত চারজন সংসদ সদস্যসহ জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম সালেহী বলেন, কুড়িগ্রাম জেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, জেলার অনেক মানুষ এখনো মানসম্মত চিকিৎসা ও শিক্ষাসেবা থেকে বঞ্চিত। এসব খাতে উন্নয়ন ঘটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন মহল ও প্রবাসে অবস্থানরত কুড়িগ্রামবাসীদেরও ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম একটি সম্ভাবনাময় জেলা। কৃষি, নদীভিত্তিক অর্থনীতি এবং তরুণদের মেধা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে এ জেলাকে উন্নয়নের নতুন ধারায় এগিয়ে নেওয়া সম্ভব। বিশেষ করে যুবসমাজের জন্য প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া জরুরি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, হাফেজ হামিদুল ইসলাম, মোস্তফা কালাম, আনোয়ার হোসেন, সোলাইমান আকন্দ বাবু, নজরুল ইসলাম, আব্দুল খালেক, আনিসুর রহমান, আবুল হোসেন, রফিকুল ইসলাম, আবু সাদাতসহ অনেকে।
সভাপতির বক্তব্যে ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসে অবস্থানরত কুড়িগ্রামবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কুড়িগ্রাম দেশের উত্তরাঞ্চলের একটি সম্ভাবনাময় জেলা হলেও এখনো শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যা সমাধানে সরকার, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের পাশাপাশি প্রবাসে অবস্থানরত কুড়িগ্রামবাসীদেরও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জেলার মেধাবী তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সবাইকে একযোগে কাজ করতে হবে।
মাসুম বিল্লাহ বলেন, ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম ভবিষ্যতেও জেলার সার্বিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। তিনি কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রনেতা মনিরুজ্জামান, আব্দুর রাজ্জাক, ইসমাইল, নিখিল ও নিয়াজ প্রমুখ।