স্টাফ রিপোর্টার : ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে অনুভূত ভূমিকম্পে এরইমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশ’র কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে এ পরিস্থিতি মোকাবেলা করবেন বলেও প্রত্যাশা করেন তিনি।