ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দীন : চট্টগ্রামের ফটিকছড়িতে আসছেন বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখে তাঁর এই সফরকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।
জানা গেছে, সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দেশবরেণ্য আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
ফটিকছড়ির বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ব্যানার-ফেস্টুন টানানোসহ নানা আয়োজন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
এদিকে, সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর ও সাক্ষাৎ ফটিকছড়িসহ দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।