সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত (১৩) ঢাকার একটি রিকশা গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে শ্যামনগর উপজেলার জয়নগর মোড় এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরে রাতে ঢাকার একটি রিকশা গ্যারেজে আশ্রয় নেওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়।
উদ্ধারের পর রিফাত জানায়, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে জয়নগর মোড় সংলগ্ন একটি মোবাইল টাওয়ারের কাছে পৌঁছালে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে দুই ব্যক্তি নেমে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। এরপর রুমাল সদৃশ কিছু দিয়ে তার নাক ও মুখ চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে।
রিফাত আরও জানায়, রাত প্রায় ১০টার দিকে তার জ্ঞান ফিরলে সে দেখতে পায় একই গাড়ির ভেতরে তার মতো আরও দুই শিশুকে পিছনের সিটে মুখে টেপ লাগানো অবস্থায় আটকে রাখা হয়েছে। সে সময় অপহরণকারীদের রিফাত জানায় যে সে রোজা রয়েছে। তখন তারা তাকে ইফতারের জন্য দুটি পেয়াজু ও পানি দেয়। পরে অপহরণকারীরা গাড়ি থেকে নেমে নাস্তা করতে গেলে রিফাত সুযোগ বুঝে গাড়ি থেকে পালিয়ে যায় এবং কাছাকাছি এক রিকশাচালকের কাছে আশ্রয় নেয়।
রিকশাচালকের সহায়তায় সে তার বাবা কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। বর্তমানে রিফাত তার বাবার সঙ্গে বাড়ির পথে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এ ঘটনা জানাজানির পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহরণকারী চক্রটিকে খুঁজে বের করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী।