মো: হাজিনুর রহমান শাহীন : বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন’র নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব ব্র্যান্ড ‘এটলাস ইডি” (Atlas EV) নামে পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে। বুধবার সকালে টঙ্গীতে এটলাস কারখানা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন করেন, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, বর্তমান সরকার দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা গ্রিন মবিলিটি বা পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে এবং আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এটলাস বাংলাদেশের মতো একটি বিশ্বস্ত রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের এই উদ্যোগটি ইলেকট্রিক ভেহিকেল সংক্রান্ত জাতীয় নীতি বাস্তবায়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এটি কেবল আমাদের কার্বন নিঃসরণ হ্রাস করবে এবং জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে তাই নয়, বরং এটি সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা পৌঁছে দেবে।

অনুষ্ষ্ঠানে শিল্প মন্ত্রনালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব), এটলাস বাংলাদেশ এর স্বতন্ত্র পরিচালক ড. মিজানুল হক, আর এস গোল্ড প্রাইভেট লিমিটেড এর পরিচালক মুছরে আলম ইরাজ, এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিএসইসি ও এবিএল-এর পরিচালকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকসহ সারাদেশের ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, “এবিএল-এর মতো একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ‘এটলাস ইভি’ বাজারে আসায় ক্রেতাসাধারণের জন্য গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত হলো। এই উদ্যোগটি দেশের অভ্যন্তরে উচ্চ প্রযুক্তির উৎপাদন শিল্পকে উৎসাহিত করার যে শিল্পনীতি আমাদের রয়েছে, তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমরা ইলেকট্রিক যানবাহনের জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করছি এবং এই খাতে এটলাস বাংলাদেশের নেতৃত্ব আরও উদ্ভাবন ও বিনিয়োগকে অনুপ্রাণিত করবে।
বিএসইসি চেয়ারম্যান আনোয়ারুল আলম বলেন, ‘পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিশ্বব্যাপী ইলেকট্রিক যানবাহনের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এটলাস বাংলাদেশ লিমিটেডের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমি আশা করছি, এবিএল নিজস্ব ব্র্যান্ডের গুণগত মানসম্পন্ন ইলেকট্রিক মোটরসাইকেল উৎপাদনের মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।”

এটলাস সূত্র জানায়, চলতি বছরের মে মাসে Original Equipment Manufacturer (OEM) হিসেবে চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোং লিমিটেড-এর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সফল বাস্তবায়নের অংশ হিসেবে এই মোটরসাইকেল বাজারে আনা হলো। “এটলাস ইভি” ব্র্যান্ডটি এবিএল-এর দীর্ঘদিনের নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণ করল।
প্রথম ধাপে, “এটলাস ইভি” চারটি ভিন্ন মডেলে (S-100, S-90, 5-80, এবং S-70) পাওয়া যাচ্ছে। এই মোটরসাইকেলগুলো বিশেষভাবে বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, লিকুইড-কুলিং মোটর (Liquid-Cooling Motor),যা বাংলাদেশের যানজটপূর্ণ রাস্তাতেও মোটরের দীর্ঘস্থায়িত্ব ও সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করবে। এটিতে গ্রাফিন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে একবার সম্পূর্ণ চার্জে বিদ্যুৎ খরচ হবে মাত্র ১৫ টাকা (প্রায়), যা দিয়ে S-100 মডেলে ১০০-১২০ কিলোমিটার পর্যন্ত পথ চলা সম্ভব হবে। প্রতিটি মোটরসাইকেলে রয়েছে এনএফসি (NFC) অ্যান্টি-থেফট সিস্টেম, যা এর সুরক্ষা নিশ্চিত করবে। এছাড়া মোটরসাইকেলগুলোতে রেডিয়াল অ্যান্টি-পাংচার টায়ার এবং ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা রয়েছে, যা বর্ষা মৌসুমেও রাইডিংকে রাখে নিশ্চিন্ত।
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিবর রহমান জানান, “আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন ৪ টি আকর্ষণীয় মডেল দিয়ে যাত্রা শুরু করছি। আমরা বিশ্বাস করি, ‘এটলাস ইভি’-এর আধুনিক ফিচার ও সাশ্রয়ী মূল্যে দেশের ক্রেতাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। Atlas EV ব্র্যান্ডের বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানেই ১২০টি ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রয় হয়ে গেছে। অতিশীঘ্রই দেশব্যাপী ডিলার আউটলেটে এই পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেলগুলো পাওয়া যাবে।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কারখানায় নতুন ব্রান্ডের এ মোটরসাইকেলগুলি ঘুরে ঘুরে দেখেন।