নাটোর প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নাটোরের সিংড়ায় র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সিংড়া পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এদিন উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিংড়া পৌরসভার সুবর্ণ সরোবরে গিয়ে শেষ হয়। পরে সেখানে খাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেনসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচিতে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিষ্কার রাখা এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।