স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা অতীতে ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রা কে থামিয়ে দিতে চেয়েছিল,ইতিহাস প্রমাণ করে তারাই বরং থেমে গেছে। আমাদেরকে যারা নিষিদ্ধ করতে চেয়েছিল,তারাই নিষিদ্ধ হয়ে হেলিকপ্টারযোগে ভারত পালিয়ে গিয়েছে। এই প্রজন্ম কোন ফ্যাসিবাদি শক্তি, কোন রক্তচক্ষু, কোন আধিপত্যবাদ পরোয়া করে না।আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথানত করি না, এক আল্লাহর কাছে মাথানত করি।
তিনি শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট স্কুল মাঠে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, আমাদের দেশে বিগত সময় যারা নেতৃত্ব দিয়েছে,তারা সব সময় লুটপাটের রাজনীতি করেছে, চাঁদাবাজির রাজনীতি করেছে,সন্ত্রাসের রাজনীতি করেছে।
তাই আমরা বলতে চাই, আগামী দিনে যে বাংলাদেশ গড়ে উঠবে তা তারুন্যের স্বপ্নের বাংলাদেশ হবে। আগামী দিনে যে নেতৃত্ব গড়ে উঠবে,সে নেতৃত্বের হাত ধরে সকল অন্যায় অত্যাচার অবিচার দূর হবে।
তিনি বলেন, আজকে এখানে সেখানে যখন চাদাবাজির কথা বলা হয়, তখন একটি বিশেষ রাজনৈতিক দলের নাম চলে আসে। তারা চাঁদাবাজির ইজারা নিজেদের হাতে তুলে নিয়েছে। এমন বাংলাদেশ আর এ প্রজন্ম দেখতে চায় না।আমরা চাই, আগামীর রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসুক।এ সমাজে যারা নেতৃত্ব দিবে তারা সৎ হোক দক্ষ হোক। তারা দেশপ্রেমিক হয়ে এ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে তাকে যথাযথভাবে কাজে লাগাবে। আমরা চাই, হিংসার রাজনীতি বন্ধ হোক, কাদা ছোড়াছুড়ির রাজনীতি বন্ধ হোক। রাজনীতির মধ্যে উদারতা থাকবে সহনশীলতা থাকবে।

“জাগো যুবক, বদলে দাও সমাজ”—এই অঙ্গীকারকে সামনে রেখে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হলো এই প্রাণবন্ত ছাত্র–যুব সমাবেশ।
কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ মোল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। প্রধান আলোচক ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সালাহউদ্দিন আইউবী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সেফাউল হক, কাপাসিয়া উপজেলা ইসলামী আন্দোলনের নেতা মাওলানা কাজিম উদ্দিন, গাজীপুর মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম, গাজীপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, এডভোকেট সাদেকুজ্জামান এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান আলোচক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সালাহউদ্দিন আইউবী বলেন, মাদক আমাদের সমাজকে গ্রাস করছে। মাদকমুক্ত কাপাসিয়া গড়াই হবে আমাদের প্রথম কাজ। কর্মসংস্থানের সংকট দূর করতে পরিবেশবান্ধব শিল্পায়ন গড়ে তোলা হবে। যুবকদের শক্তি সৎ নেতৃত্বের পেছনে কাজে লাগালে কাপাসিয়া দেশব্যাপী উন্নয়নের অনন্য মডেল হয়ে উঠবে।
তিনি কাপাসিয়ার স্বাস্থ্যসেবা সংকট, কর্মসংস্থান ঘাটতি, মাদক–চাঁদাবাজি–সন্ত্রাসের বিস্তারসহ নানা বাস্তব চিত্র তুলে ধরে উল্লেখ করেন যে, গত দুই দশকে তিনি ৬৬টি টিউবওয়েল, ৩১টি গভীর নলকূপ, ৫১ পরিবারে টিন, ২২টি আধুনিক ওযুখানা–শৌচাগার, শতাধিক মসজিদে সহযোগিতা, খাদ্য ও পোশাক সহায়তা এবং শিক্ষাবৃত্তি প্রদান করেছেন। এছাড়া মাদক ও অপরাধ দমনে মানববন্ধন, স্মারকলিপি ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাঁকে দায়িত্ব দিলে তিনি ১৭ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন, যার মধ্যে রয়েছে—কাপাসিয়া পৌরসভা গঠন, জিরো-ক্রাইম কমিউনিটি, আধুনিক ২০০ শয্যার হাসপাতাল, সিসি ক্যামেরা স্থাপন, শিল্প–উদ্যোক্তা প্রশিক্ষণ, বিদেশগামীদের ভাষা শিক্ষা, ক্যারিয়ার হাব, কৃষি আধুনিকায়ন, পর্যটন কেন্দ্র, মিনি স্টেডিয়াম, স্মার্ট কৃষি প্রযুক্তি, শিক্ষা অবকাঠামো উন্নয়ন, প্রধান সড়ক ও রাস্তা সংস্কার–প্রশস্তকরণ, পরিবহন ব্যবস্থা উন্নয়ন, বিদ্যুৎ–সোলার–ইন্টারনেট সম্প্রসারণ এবং নারীদের জন্য আলাদা বাস সার্ভিস ও মহিলা মার্কেট।
বিশেষ অতিথি ঢাকসু জিএস এস এম ফরহাদ বলেন,গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে ভুল নেতৃত্ব নির্বাচনের কারণে। ভুল মানুষকে ভোট দিলে তার দায় জনগণের ওপর পড়ে। তাই বিবেক করে ভোট দিন এবং অন্যায়, চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় থাকুন। বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ—সব জায়গায় আমরা অন্যায়ের লাল কার্ড দেখিয়েছি, ভবিষ্যতেও যুবসমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত হন।