বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কামতা গ্যাস ফিল্ডে  কূপ খনন কার্যক্রমের  উদ্বোধন গাজীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ বছরের কিশোর আটক কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দুর্নীতি গাজীপুরে আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিংড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ হাম নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা আবারও বাড়লো ফার্নেস অয়েলের দাম, মধ্যরাত থেকে কার্যকর সাতক্ষীরায় মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নাটোরের সিংড়ায় দুই মিষ্টি দোকানীকে অর্থদন্ড

গাজীপুরের কামতা গ্যাস ফিল্ডে  কূপ খনন কার্যক্রমের  উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  অনিন্দ্য ইসলাম অমিত এমপি বলেছেন, জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে গাজীপুরের  কামতা ও তিতাসের মোট চারটি কূপ খনন  কাজ আমরা শুরু করেছি। আমরা আশা করছি, এই চারটি কূপের মাধ্যমে আগামী বছর জুনের মধ্যে আমরা প্রায় ৫৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস  জাতীয় গ্রিডে দিতে  সক্ষম হব।

প্রতিমন্ত্রী বুধবার দুপুরে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায়  পেট্রোবাংলার আওতাধীন রাষ্ট্রীয় মালিকানার সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃক কামতা গ্যাস ফিল্ডে ১টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন কাজ  উদ্বোধন শেষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী  অনিন্দ্য ইসলাম অমিত বলেন,  যে সমস্ত শিল্প উদ্যোক্তা তাদের কারখানা রেডি করে  গ্যাসের অভাবে বছরের পর বছর ধরে বসে রয়েছেন ,  আমরা একদিকে যেমন তাদেরকে গ্যাস সরবরাহ করতে পারব, এ সব শিল্পে যার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হবে, অপরদিকে জ্বালানি আমদানি করতে গিয়ে বৈদেশিক মুদ্রার উপর যে চাপ সে চাপটাও ইনশাল্লাহ কমে আসবে। তিনি বলেন, আজকের এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণকে এই বার্তাটাই দিতে চায় যে, আমরা আস্তে আস্তে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে আনবো এবং আমরা এই ক্ষেত্রে স্বাবলম্বী হব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে  সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি এবং বিদ্যুৎ সচল রাখা। আমরা যদি এটা করতে পারি আমরা মনে করি একদিকে যেমন জনগণের জীবনে স্বাচ্ছন্দ্য আসবে অন্যদিকে আমরা যে ট্রিলিয়ন ডলার ইকোনমি পরিকল্পনা নিয়েছি সে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে।

সাম্প্রতিক জ্বালানি সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা চাইলেও পর্যাপ্ত গ্যাস আমদানি করতে পারবে না। গ্যাস আমদানি করবার জন্য যে অবকাঠামো প্রয়োজন  বর্তমানে তার সর্বোচ্চ ব্যবহার আমাদের হচ্ছে। আমরা তাৎক্ষণিক সমস্যার যেমন সমাধান করছি, তেমনি মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে  আগামী দিনগুলোতে এ সংকট নিরসনে যে আমরা দৃঢ় প্রত্যয়ী, সে বার্তা দিতেও আমরা সক্ষম হয়েছি।

জ্বালানীর মূল্য বৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ কিংবা জ্বালানির মূল্য বৃদ্ধি হবে কি হবে না , এই বক্তব্যটা বোধহয় এই মুহূর্তে দেবার বাস্তবতায় আমরা  নেই।  কারণ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিতে হয়। তবে আমি এটুকু বলব,  জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার জনগণের সুবিধা অসুবিধাটাকেই প্রাধান্য দিয়ে থাকে।

আবাসিক গ্যাস সংযোগের বিষয়ে তিনি বলেন , আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে গ্যাস সংযোগ দেওয়া, আমাদের পাওয়ার প্লান্টে গ্যাস সরবরাহ নিশ্চিত করা। অর্থাৎ অগ্রাধিকার তালিকায় আগে আমাদের পাওয়ার প্লান্ট এবং শিল্প , এরপর আবাসিকের গ্যাস। তিনি আরো বলেন,  যুদ্ধ পরিস্থিতির কারণে সারা পৃথিবীতে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত থাকার কারণে সবকিছুর সমন্বয় করতে হয়েছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এটা প্রতিনিয়ত সমন্বয় হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  অনিন্দ্য ইসলাম অমিত এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কামতা-২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের  উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,  সাবেক সচিব ও বিজিএফসিএল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পেট্রোবাংলার  চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান ।

পেট্রোবাংলার  বিভিন্ন পরিচালকবৃন্দ,  বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পেট্রোবাংলার উর্ধ্বতন কর্মকর্তা, বিজিএফসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও  সমন্বিত খনন ঠিকাদার সিসিডিসি ( CCDC) এর প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য , দেশীয় উৎস হতে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং আমদানিকৃত এলএনজি-এর ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিজিএফসিএল কর্তৃক “তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন” শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়।

গতবছর ২ ফেব্রুয়ারী  অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির ডিপিপি অনুমোদন লাভ করে এবং ২০ ফেব্রুয়ারি  তারিখে প্রশাসনিক আদেশ অনুযায়ী প্রকল্পের মোট ১,২৫৫.০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে, যার মধ্যে জিওবি অর্থায়ন ৮৭২.২০ কোটি টাকা এবং বিজিএফসিএল-এর নিজস্ব অর্থায়ন ৩৮২.৮০ কোটি টাকা।

এ প্রকল্পের আওতায় তিতাস ফিল্ডে ৩টি ও কামতা ফিল্ডে ১টি কূপ খনন,  বৈদেশিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ,  তিতাস ফিল্ডে একটি গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণ,  কামতা ফিল্ডে আনুষঙ্গিক সুবিধাদিসহ একটি প্রসেস প্লান্ট স্থাপনসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে আগামী বছর  জুনের  মধ্যে প্রথম বছরে দৈনিক প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। তন্মধ্যে, কামতা-২ কূপের সফল খনন ও পরীক্ষণ আনুমানিক ১২০ দিন সময়ে সম্পন্ন শেষে জাতীয় গ্রিডে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত নতুন গ্যাস সংযোজন হতে পারে বলে আশা করা হচ্চে।

তিতাস ও কামতা ফিল্ডে মোট ৪টি কূপ সমন্বিতভাবে খননের জন্য চীনের  ঠিকাদারী প্রতিষ্ঠান CNPC Chuanqing Drilling Engineering Company Limited (CCDC), China এর সাথে ২০২৫ সালের ১০ এপ্রিল  চুক্তি সম্পাদিত হয়। বর্তমানে তিতাস-২৮ কূপের খনন কার্যক্রম সমাপ্তির পথে এবং কামতা-২ নং কূপের খনন কার্যক্রম শুরু করা হচ্ছে। তিতাস-২৮ নং কূপের খনন কার্যক্রম সমাপ্ত হলে তিতাস-২৯ নং কূপের খনন কার্যক্রম শুরু করা হবে।

কামতা গ্যাসক্ষেত্রটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত, যা ১৯৮২ সালে পেট্রোবাংলা কর্তৃক আবিষ্কৃত হয়। ১৯৮৪ সালে কামতা-১ কূপ হতে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়ে ১৯৯১ সাল পর্যন্ত মোট ২১.১০ বিলিয়ন ঘনফুট (BCF) গ্যাস উত্তোলন করা হয়। ক্ষেত্রটির মোট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ প্রায় ৬৬.০৪ বিলিয়ন ঘনফুট (BCF), যার মধ্যে অবশিষ্ট উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ প্রায় ৪৪.৯৪ বিলিয়ন ঘনফুট (BCF) বিবেচনা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর