স্টাফ রিপোর্টার: প্রফেশনাল ইনস্টিটিউট এসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটি (পিয়ানো)-এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসাইন এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মোঃ কামাল হোসেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশিদ এবং প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রফেশনাল কলেজসমূহের সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সমন্বিত কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল শিক্ষার গুণগত মান উন্নয়ন, সময়মতো পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ এবং শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা পালন করবেন।
সভাপতি অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসাইন বলেন, প্রফেশনাল শিক্ষা খাতকে আরও যুগোপযোগী ও দক্ষ করে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ বলেন, শিক্ষার মান উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এছাড়া সেক্রেটারি অধ্যক্ষ মোঃ কামাল হোসেন জানান, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবগঠিত এই কমিটিকে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।