হাফিজ সিদ্দিকী : নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গত শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে , নাতি-নাতনী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, রিজিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
রিজিয়া বেগমের মৃত্যুতে নোয়াখালী জেলা বিএনপি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, ঢাকায় মরহুমার প্রথম জানাজা শেষে লাশ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তাদের গ্রামের বাড়িতে রাত ১০টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমাকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়। তিনি তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করেছেন।
রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমার মৃত্যুতে ঢাকা গ্যাজেট পরিবার গভীর শোক প্রকাশ করেছেন এবং উনার রুহের মাগফেরাত কামনা করেছেন।